নিজস্ব প্রতিনিধি, কালিয়াকৈর
গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমানের সঙ্গে কালিয়াকৈর উপজেলার শিক্ষা পরিবারের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) দুপুরে উপজেলার অ্যাডভেন্টিস্ট সেমিনারি স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, বেসরকারি কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা, পরিচালক, মালিক এবং শিক্ষকরা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা শিক্ষা পরিবারের আহ্বায়ক মো. মোকলেসুর রহমান মাস্টার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, দেওয়ান জসিমসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় উপজেলার প্রায় ২৫০টি বেসরকারি কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরা হয়। বক্তারা জানান, দীর্ঘদিন ধরে অনেক প্রতিষ্ঠানের নিবন্ধন ও স্বীকৃতির প্রক্রিয়া আটকে থাকায় শিক্ষার্থীদের সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে নানা জটিলতার সম্মুখীন হতে হচ্ছে। এ অবস্থার দ্রুত সমাধান, শিক্ষকদের সম্মানী ভাতা বৃদ্ধি এবং শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপদ অবকাঠামো নিশ্চিত করার দাবি জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মজিবুর রহমান বলেন, “আপনারা শুধু শিক্ষা দিচ্ছেন না, জাতি গঠনের দায়িত্বও পালন করছেন। কালিয়াকৈরের এক লাখেরও বেশি শিশুর শিক্ষার ভিত্তি আপনাদের হাতেই নির্মিত হচ্ছে। শিক্ষকদের মর্যাদা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আমি সর্বোচ্চ সহযোগিতা করব।”
তিনি আরও বলেন, শিক্ষা পরিবারের উত্থাপিত দাবিগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে উপস্থাপন করা হবে এবং নিবন্ধন সংক্রান্ত জটিলতা নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। একই সঙ্গে তিনি স্মার্ট বাংলাদেশ গঠনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও উল্লেখ করেন।
অন্যান্য বক্তারাও শিক্ষার গুণগত মানোন্নয়ন, আধুনিক শিক্ষাব্যবস্থা চালু এবং শিক্ষকদের মর্যাদা বৃদ্ধিতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে মো. মোকলেসুর রহমান মাস্টার বলেন, “করোনা মহামারির সময়ও ঋণ নিয়ে শিক্ষকদের বেতন পরিশোধ করেছি। কারণ শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে গেলে জাতির অগ্রযাত্রা বাধাগ্রস্ত হয়। সংসদ সদস্যের সহযোগিতা পেলে কালিয়াকৈরকে শিক্ষাক্ষেত্রে একটি রোল মডেল উপজেলায় পরিণত করা সম্ভব হবে।” :::