শিরোনাম
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

উৎসবমুখর আয়োজনে নবীনবরণ

রিপোটারের নাম / ৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
Oplus_131072

স্টাফ রিপোর্টার(পটুয়াখালী) 

আনন্দ-উচ্ছ্বাস আর নতুন স্বপ্নের আবহে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছভুক্ত নবীন শিক্ষার্থীদের বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান নবীনদের উদ্দেশে বলেন, বিশ্ববিদ্যালয় জীবন শুধু একটি ডিগ্রি অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি জ্ঞানচর্চা, যুক্তিবাদী মানসিকতা গড়ে তোলা এবং সত্য অনুসন্ধানের এক অনন্য ক্ষেত্র। তিনি শিক্ষার্থীদের মুখস্থনির্ভর পড়াশোনার পরিবর্তে গবেষণা, উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতার মাধ্যমে নিজেদের দক্ষ ও যোগ্য মানবসম্পদ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ড. আমিনুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান মাল্টিমিডিয়া উপস্থাপনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, গবেষণা, অবকাঠামো ও শিক্ষার্থীদের জন্য বিদ্যমান বিভিন্ন সুযোগ-সুবিধা তুলে ধরেন। এরপর নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় পরিবারে স্বাগত জানানো হয়।

এ সময় আরও বক্তব্য দেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. এম. জহুরুল হক, ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাজেদুল হক, এএনএসভিএম অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান এবং বিভিন্ন আবাসিক হলের প্রভোস্টরা। নবীন শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করেন সোহেল রানা জনি, তন্ময় ও সুবর্ণা নুরজাহান জিনিয়া।

উৎসবমুখর এ ওরিয়েন্টেশন অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের নতুন অধ্যায়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। নতুন পরিবেশে নিজেদের মানিয়ে নিয়ে জ্ঞান, গবেষণা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ