নিজস্ব প্রতিবেদক।
গাজীপুরের কালীগঞ্জে জুলাই বিপ্লবীদের মহাসমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, গণভোটে সংস্কারের পক্ষে জনগণের দেওয়া রায় উপেক্ষা করা হলে তা জনগণের সঙ্গে প্রতারণার শামিল হবে।
সোমবার (৬ জুলাই) বিকেলে কালীগঞ্জে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, দেশে অনুষ্ঠিত নির্বাচনের পাশাপাশি গণভোটও হয়েছে। তাঁর দাবি, ওই গণভোটে দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে মত দিয়েছেন। কিন্তু বিএনপি সরকার গণভোটের ফল এবং জুলাই সনদকে অস্বীকার করছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, জনগণের রায়কে সম্মান জানিয়ে দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জনগণের আকাঙ্ক্ষা উপেক্ষা করে কোনো সরকার দীর্ঘদিন টিকে থাকতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, কক্সবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ও চোরাচালান বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।
সীমান্তে সাধারণ মানুষ নিহত হওয়ার ঘটনা এবং পুশ-ইনের অভিযোগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এসব ঘটনায় সরকারকে দ্রুত ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের জন্য যারা জীবন দিয়েছেন, তাঁদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব।
সমাবেশে বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাছের খান, গাজীপুর জেলা আহ্বায়ক এম এম শোয়াইব, গাজীপুর মহানগর সদস্য সচিব আব্দুল্লাহ আল মুহিম এবং গাজীপুর জেলা সদস্য সচিব খন্দকার আল আমীনসহ অন্যরা।
বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ‘জুলাই পদযাত্রা’ শুরু হয়েছে। এর প্রথম দিনের কর্মসূচি গাজীপুরের কালীগঞ্জ থেকে শুরু হয়। তাঁরা গণভোটে জনগণের সমর্থন পাওয়া জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি জানান।