নিজস্ব প্রতিবেদক | ঢাকা
সামাজিক যোগাযোগমাধ্যমে তুরাগ নদীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীর মরদেহ ভাসছে—এমন দাবি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ।
শনিবার (২৭ জুন) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের কোনো ঘটনার সত্যতা পাওয়া যায়নি। জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতেই একটি মহল সামাজিক মাধ্যমে ভিত্তিহীন তথ্য ছড়িয়ে দিচ্ছে বলে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ।
সম্প্রতি আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীরা মিছিলের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার মুখে পড়েন। এ সময় কয়েকজনকে আটকও করা হয়।
এরপর সামাজিক যোগাযোগমাধ্যমের কয়েকটি পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়, আটক সাত নেতাকর্মীকে হত্যা করে তাদের মরদেহ তুরাগ নদীতে ফেলে দেওয়া হয়েছে। তবে এ দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে পুলিশ।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, একটি স্বার্থান্বেষী গোষ্ঠী আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এবং জনমনে বিভ্রান্তি ছড়াতে অপপ্রচার চালাচ্ছে। যারা এ ধরনের গুজব বা মিথ্যা তথ্য প্রচারে জড়িত, তাদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে। এ ধরনের অপপ্রচারের সঙ্গে কারও সম্পৃক্ততার প্রমাণ মিললে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।