নিজস্ব প্রতিনিধি।
রাজশাহীর দাওকান্দি সরকারি কলেজের আলোচিত প্রদর্শক (সাচিবিক বিদ্যা ও অফিস ব্যবস্থাপনা) মোছা. আলোয়া খাতুন হীরার সাময়িক বরখাস্তাদেশ প্রত্যাহার করেছে শিক্ষা প্রশাসন। তবে তদন্ত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তাকে কলেজের প্রশাসনিক ও আর্থিক সংশ্লিষ্ট কমিটির কার্যক্রমে অংশগ্রহণ থেকে বিরত থাকার নির্দেশ বহাল রাখা হয়েছে।

Oplus_131072
রাজশাহী অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর মো. আব্দুল মান্নান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
জানা গেছে, গত ২৩ এপ্রিল কলেজে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পর প্রশাসনিক পরিবেশ স্বাভাবিক রাখতে আলোয়া খাতুন হীরাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। পরে বিষয়টি তদন্তের জন্য একাধিক কমিটি গঠন করা হয় এবং বিভিন্ন তথ্য-উপাত্ত পর্যালোচনার পর তার সাময়িক বরখাস্তাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে অফিস আদেশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, তদন্তের চূড়ান্ত প্রতিবেদন ও প্রশাসনিক সিদ্ধান্ত না আসা পর্যন্ত তিনি কলেজের প্রশাসনিক ও আর্থিক সংশ্লিষ্ট কোনো কমিটির কার্যক্রমে অংশ নিতে পারবেন না। এ নির্দেশ অবিলম্বে কার্যকর হয়েছে।
প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল আলোয়া খাতুন হীরার একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে শিক্ষা প্রশাসন ঘটনাটি তদন্তের আওতায় এনে তার বিরুদ্ধে সাময়িক বরখাস্তের ব্যবস্থা গ্রহণ করে।
এ বিষয়ে প্রফেসর মো. আব্দুল মান্নান বলেন, সাময়িক বরখাস্তাদেশ প্রত্যাহার করা হলেও তদন্ত এখনো চলমান রয়েছে। তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে বরখাস্তাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত প্রকাশের পর কলেজ-সংশ্লিষ্টদের মধ্যে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এখন সবার দৃষ্টি তদন্তের চূড়ান্ত প্রতিবেদন ও শিক্ষা প্রশাসনের পরবর্তী সিদ্ধান্তের দিকে।