নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের ০৬ নম্বর ওয়ার্ডে শ্রীপুর বাইতুল কবীর জামে মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ধর্মীয় প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ড. চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকী (বার-এট-ল)।
ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকী বলেন, “বর্তমান উন্নয়ন অগ্রযাত্রার অংশ হিসেবে শুধু বোয়ালী ইউনিয়নের জন্যই তিন ধাপে মোট ৫৯টি প্রজেক্ট অনুমোদন (এপ্রুভাল) দেওয়া হয়েছে। এর মাধ্যমে এই জনপদের মানুষের জীবনমান উন্নয়ন ও অবকাঠামোগত পরিবর্তন আরও বেগবান হবে।”
তিনি আরও বলেন, “বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি বৈষম্যহীন ও উন্নত সোনার বাংলা গড়ার যে দৃঢ় প্রত্যয় নেওয়া হয়েছে, সেই লক্ষ্য বাস্তবায়নে দলমত নির্বিশেষে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করতে হবে এবং দেশের কল্যাণে একযোগে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম (উপসচিব)।
এ সময় বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সদস্য সচিব এম আনোয়ার হোসেন এবং বোয়ালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এডভোকেট রিপন আল হাসান। এছাড়াও অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।
সভা ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।