নিজস্ব প্রতিনিধি।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় প্রাথমিক ও বিশেষায়িত স্বাস্থ্যসেবার মান উন্নয়নে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। উপজেলার ৪১টি কমিউনিটি ক্লিনিকে প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রী বিতরণের পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজি বিভাগে একটি আধুনিক সেমি অটো অ্যানালাইজার মেশিন সংযোজন করা হয়েছে।
বুধবার (১ জুলাই) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. এইচ. এম. ফখরুল হোসাইন, গাজীপুরের সিভিল সার্জন ডা. মামুনুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসমিন মুনমুন, কালিয়াকৈর পৌরসভার সচিব জাহিদুল ইসলাম, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, কমিউনিটি ক্লিনিকগুলোতে প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রী সরবরাহের ফলে গ্রামীণ জনগণের প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও কার্যকর হবে। একই সঙ্গে নতুন সেমি অটো অ্যানালাইজার মেশিন চালুর মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই দ্রুত ও নির্ভুলভাবে বিভিন্ন রোগের পরীক্ষার ফল পাওয়া যাবে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মজিবুর রহমান বলেন, আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। এই উদ্যোগের ফলে কালিয়াকৈরের বাসিন্দারা আরও উন্নত চিকিৎসাসেবা পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. এইচ. এম. ফখরুল হোসাইন জানান, নতুন যন্ত্র সংযোজনের ফলে অনেক পরীক্ষার জন্য রোগীদের আর বাইরে যেতে হবে না। এতে সময় ও চিকিৎসা ব্যয় কমার পাশাপাশি স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসমিন মুনমুন বলেন, নতুন স্বাস্থ্যসামগ্রী কমিউনিটি ক্লিনিকগুলোর সেবার সক্ষমতা বাড়াবে। বিশেষ করে মা ও শিশুস্বাস্থ্যসেবা আরও কার্যকরভাবে প্রদান করা সম্ভব হবে।
অনুষ্ঠানের শেষে সংসদ সদস্য আনুষ্ঠানিকভাবে ৪১টি কমিউনিটি ক্লিনিকের জন্য স্বাস্থ্যসামগ্রী এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজি বিভাগের জন্য সেমি অটো অ্যানালাইজার মেশিন হস্তান্তর করেন।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, এই উদ্যোগের মাধ্যমে কালিয়াকৈর উপজেলার স্বাস্থ্যসেবা আরও আধুনিক, দ্রুত, নির্ভুল এবং জনবান্ধব হয়ে উঠবে।