শিরোনাম
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

নাচোলে সরকারি খাস পুকুর ভরাটের অভিযোগ, প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন

রিপোটারের নাম / ২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ):

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় একের পর এক সরকারি খাস পুকুর ভরাট করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এসব কার্যক্রম চললেও সংশ্লিষ্ট প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় সরকারি সম্পদ রক্ষায় প্রশ্ন দেখা দিয়েছে।

অভিযোগ অনুযায়ী, উপজেলার ৩ নম্বর নেজামপুর ইউনিয়নের ইটলা গ্রামের কাটাকুড়ি এলাকায় একটি সরকারি খাস পুকুরের বড় অংশ বালু ফেলে ভরাট করা হয়েছে। স্থানীয়দের ভাষ্য, মংলু নামে এক ব্যক্তি ধাপে ধাপে পুকুরটি ভরাট করে সেখানে আরসিসি পিলার নির্মাণের মাধ্যমে ভবনের কাজ শুরু করেছেন।

স্থানীয় বাসিন্দাদের দাবি, বিষয়টি শুরুতেই ভূমি অফিস ও উপজেলা প্রশাসনের নজরে আনা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের অভিযোগ, সময়মতো অভিযান পরিচালনা করা হলে সরকারি জলাশয়টি রক্ষা করা সম্ভব হতো।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, সরকারি সম্পত্তি দখল ও ভরাটের ঘটনা প্রকাশ্যে ঘটলেও প্রশাসনের সক্রিয়তা চোখে পড়ছে না। এতে প্রভাবশালীরা আরও উৎসাহিত হচ্ছেন।

খোঁজ নিয়ে জানা যায়, কাটাকুড়ি এলাকার ঘটনাই একমাত্র নয়। চলতি বছরের মে মাসে নেজামপুর ইউনিয়নের অমৃতপুর গ্রামে একটি সরকারি খাস পুকুর ভরাটের পর সেই জমি প্লট আকারে বিক্রির চেষ্টার অভিযোগ ওঠে। এছাড়া পিরপুরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পাড়া এবং খেসবা গ্রামেও সরকারি পুকুর ভরাট করে স্থাপনা নির্মাণের অভিযোগ রয়েছে।

পরিবেশবিদদের মতে, সরকারি জলাশয় ভরাট শুধু আইন লঙ্ঘনই নয়, বরং স্থানীয় পরিবেশ, জীববৈচিত্র্য এবং জলাবদ্ধতা নিয়ন্ত্রণ ব্যবস্থার ওপরও দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলে।

এ বিষয়ে নাচোলের সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া বলেন, অভিযোগ পাওয়া পুকুরগুলো পরিদর্শন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দাস জানান, বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে। জেলা প্রশাসনের নির্দেশনা পাওয়ার পর আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ