আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করছেন—এমন বিদেশি নাগরিকদের উদ্দেশ্যে নতুন সতর্কবার্তা প্রকাশ করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সরকারি জনকল্যাণমূলক সুবিধার অপব্যবহার বা সেসব সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়লে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ভিসা বাতিলসহ কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।
শনিবার (২৭ জুন) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পর্যটক, ব্যবসায়ী, শিক্ষার্থী, সাংবাদিক কিংবা ট্রানজিট ভিসাধারী—সব ধরনের অনভিবাসী ভিসাধারীর ক্ষেত্রেই এ নীতি সমানভাবে প্রযোজ্য। নিয়ম লঙ্ঘনের প্রমাণ মিললে শুধু বর্তমান ভিসাই বাতিল হবে না, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রেও অযোগ্য ঘোষণা করা হতে পারে।
দূতাবাস আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্র সফরের আগে ভ্রমণকারীদের নিজস্ব ব্যয়ে অবস্থান ও অন্যান্য খরচ বহনের আর্থিক সক্ষমতা নিশ্চিত করা উচিত। করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হওয়া থেকে বিরত থাকার পরামর্শও দেওয়া হয়েছে।
এই নির্দেশনার মাধ্যমে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বিদেশি নাগরিকদের ভিসার শর্ত মেনে চলা এবং আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ থাকার বিষয়টি আবারও গুরুত্ব দিয়ে তুলে ধরেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।