অনলাইন ডেস্ক।
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে ইতালি কোনো ধরনের অংশগ্রহণ করেনি বলে স্পষ্ট জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ইতালিকে এ যুদ্ধে জড়িত হিসেবে উপস্থাপন করা সঠিক নয়।

Oplus_131072
গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ফ্রান্স-ইতালি ৩৬তম আন্তঃসরকারি বৈঠক শেষে মেলোনি বলেন, ন্যাটো মহাসচিব দুটি ভিন্ন বিষয়কে একসঙ্গে মিলিয়ে ফেলেছেন। তিনি ব্যাখ্যা করেন, অনুমোদিত সামরিক উড্ডয়নের বিষয়টিকে ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক অংশগ্রহণ হিসেবে দেখানো ঠিক নয়।
এর আগে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্ক রুটে দাবি করেন, ইতালিসহ ইউরোপের কয়েকটি ন্যাটো সদস্য রাষ্ট্র যুক্তরাষ্ট্রকে তাদের সামরিক ঘাঁটি ব্যবহারের সুযোগ দিয়েছিল। তার ভাষ্য অনুযায়ী, ইতালির ঘাঁটি থেকে প্রায় ৫০০টি মার্কিন বিমান তথাকথিত ‘এপিক ফিউরি’ অভিযানকে সমর্থন দিতে উড্ডয়ন করে।
তবে মেলোনি বলেন, এমন মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে ভুল বার্তা দিতে পারে। তিনি ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রুস্তোর বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে পুনর্ব্যক্ত করেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইতালি কোনোভাবেই অংশ নেয়নি।
তিনি আরও বলেন, যদি ইতালি সত্যিই ওই অভিযানে যুক্ত থাকত, তাহলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এ নিয়ে হতাশা প্রকাশ করতেন না।
অন্যদিকে, ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচির সঙ্গে টেলিফোনে আলাপের সময়ও ন্যাটো মহাসচিবের বক্তব্য প্রত্যাখ্যান করেন। তিনি জানান, ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানে ইতালির কোনো ঘাঁটি ব্যবহারের দাবি সঠিক নয়।