কালিয়াকৈর প্রতিনিধি:
মাদককে সামাজিক ব্যাধি আখ্যায়িত করে এর বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা। গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শনিবার (১৮ জুলাই) দুপুরে কালিয়াকৈর উপজেলা সদর বাস টার্মিনাল চত্বরে অনুষ্ঠিত মাদকবিরোধী র্যালি ও সমাবেশে এ আহ্বান জানানো হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান। তিনি বলেন, মাদকের ভয়াবহ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করতে হলে সচেতনতার পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। পরিবহন শ্রমিকদের মাদকমুক্ত থেকে দায়িত্বশীলভাবে কাজ করার মাধ্যমে নিরাপদ সড়ক নিশ্চিত করারও আহ্বান জানান তিনি।
প্রধান অতিথি গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান বলেন, মাদক নির্মূলে শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয়; পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষকে একযোগে কাজ করতে হবে। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান অব্যাহত থাকবে এবং এ বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না।
অনুষ্ঠানে বক্তব্য দেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম. ফখরুল হোসাইন, কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, কৃষকদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ভিপি আ. ন. ম. খলিলুর রহমান ইব্রাহিম, গাজীপুর জেলা সড়ক পরিবহন ইউনিয়নের সভাপতি ও কালিয়াকৈর উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মিনার উদ্দিন, গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী দেওয়ান জসীম উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দিতে একটি র্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।