গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুল করিম ভূঁইয়া যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে উপসচিব পদমর্যাদার ১৭২ জন কর্মকর্তাকে যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জ্যোতিপ্রিয় স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
পদোন্নতির খবর ছড়িয়ে পড়লে গাজীপুর জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহমেদ হোসেন ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহরিয়ার নজির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. রাকিবুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ও উন্নয়ন) তানিয়া তাবাসসুম এবং অতিরিক্ত জেলা প্রশাসক কাজী নাজিব হাসানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
এ ছাড়া জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার, সহকারী কমিশনার (ভূমি), মাঠ প্রশাসন প্রশাসনিক কর্মকর্তা অ্যাসোসিয়েশন, কালেক্টরেট সহকারী সমিতি, সরকারি গাড়িচালক সমিতি, ভূমি অফিসার্স কল্যাণ সমিতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও তাঁকে শুভেচ্ছা জানান।
চলতি বছরের ১৬ মার্চ গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব নেন বিসিএস ২৫তম ব্যাচের কর্মকর্তা নুরুল করিম ভূঁইয়া। দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি জনসেবামুখী প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণ করেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
জেলা প্রশাসকের কার্যালয়কে সাধারণ মানুষের জন্য আরও উন্মুক্ত করা, সেবা কার্যক্রম তদারকি, বিভিন্ন সরকারি দপ্তরে আকস্মিক পরিদর্শন এবং জনকল্যাণমূলক কার্যক্রমে তাঁর সক্রিয় ভূমিকার কথা উল্লেখ করেন কর্মকর্তারা। তাঁদের ভাষ্য, তাঁর কর্মনিষ্ঠা, সততা ও সহজ-সরল আচরণে গাজীপুরবাসীর মধ্যে ইতিবাচক সাড়া তৈরি হয়েছে।
মো. নুরুল করিম ভূঁইয়ার কর্মজীবনের শুরু সাংবাদিকতা দিয়ে। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেন। ছাত্রজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ছিলেন। বর্তমানে তিনি সংগঠনটির প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর তিনি যুক্তরাষ্ট্রের মিনেসোটা স্টেট ইউনিভার্সিটি থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেন। প্রশাসন ক্যাডারে যোগ দেওয়ার পর তিনি ঢাকা জেলার দোহার উপজেলার ইউএনও এবং স্থানীয় সরকার বিভাগের উপসচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
২০২৪ সালের আগস্টে তিনি সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতি পান। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পায়রা বন্দর কর্তৃপক্ষে দায়িত্ব পালন করেন। সর্বশেষ পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে উপসচিব হিসেবে দায়িত্ব পালনের পর চলতি বছরের মার্চে গাজীপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পান তিনি।
যুগ্ম সচিব পদে পদোন্নতি পাওয়ায় গাজীপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তাঁরা তাঁর আগামী দিনের কর্মজীবনের সাফল্য কামনা করেছেন।