স্টাফ রিপোর্ট।
সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সোমবার (২২ জুলাই) রাত থেকে ভিডিওটি বিভিন্ন প্ল্যাটফর্মে ভাইরাল হওয়ার পর দেশজুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
ভাইরাল ভিডিওতে একটি কক্ষে একজন নারী ও একজন পুরুষকে দেখা যায়। ভিডিওর কিছু অংশে ওই ব্যক্তিকে মোবাইল ফোনে কথা বলতে এবং কিছু অংশে ব্যক্তিগত মুহূর্তে দেখা যায়। তবে ভিডিওটি নিয়ে শুরু থেকেই নানা ধরনের দাবি ওঠে। কেউ এটিকে বাস্তব বলে দাবি করছেন, আবার কেউ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি বা বিকৃত করা হয়েছে বলে মত দিচ্ছেন। যদিও এ বিষয়ে স্বাধীন কোনো প্রতিষ্ঠানের যাচাই শুরুতে প্রকাশ্যে আসেনি।
ভিডিওটির বিষয়ে জানতে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে জেলা জামায়াতের পক্ষ থেকেও এ ঘটনায় আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
এদিকে মঙ্গলবার (২১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক পোস্টে রিউমার স্ক্যানার দাবি করেছে, ভাইরাল হওয়া ভিডিওটি এআই দিয়ে তৈরি নয়। তাদের অনুসন্ধানে ভিডিওটির বিভিন্ন অংশ, অডিও এবং অন্যান্য উপাদান বিশ্লেষণ করে কোনো এআই-জনিত অসামঞ্জস্য পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে। প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, ভিডিওটি কৃত্রিমভাবে তৈরি নয়, বরং বাস্তব।
তবে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের আনুষ্ঠানিক বক্তব্য বা আইনগত অবস্থান এখনো প্রকাশ্যে আসেনি। ফলে ঘটনাটি ঘিরে জনমনে কৌতূহল ও আলোচনা অব্যাহত রয়েছে।