স্টাফ রিপোর্টার | ঢাকা
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সংসদের ভেতরে ও বাইরে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
সোমবার রাতে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, জনগণের দেওয়া রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
ডা. শফিকুর রহমান দাবি করেন, ২০১৪ সালের নির্বাচন ছিল ভোটারবিহীন, ২০২৪ সালের নির্বাচন ছিল ‘ডামি’। আর সর্বশেষ নির্বাচনে জনগণ দুটি করে ভোট দিয়েছে। সরকারের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানানো হলেও জনগণের সঙ্গে করা সেই অঙ্গীকার বাস্তবায়ন করা হয়নি।
তিনি আরও বলেন, সংবিধানে যদি গণভোট বাস্তবায়নের বিধান না থাকে, তবে ২০২৬ সালের নির্বাচনের সাংবিধানিক ভিত্তিও প্রশ্নের মুখে পড়ে। জনগণের রায়ের এক অংশ গ্রহণ করে অন্য অংশ উপেক্ষা করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে সংসদ অধিবেশনে সংবিধান সংশোধন কমিটি গঠনের প্রস্তাব উত্থাপিত হলে তা প্রত্যাখ্যান করে বিরোধী দলের সংসদ সদস্যরা ওয়াকআউট করেন।
অন্যদিকে, অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, সংসদ থেকে ওয়াকআউট করা বিরোধী দলের গণতান্ত্রিক অধিকার। অনেক সদস্য নতুন হওয়ায় সংসদীয় কার্যক্রম বুঝতে তাদের কিছুটা সময় লাগতে পারে।
সংবিধান সংশোধন কমিটি প্রসঙ্গে চিফ হুইপ বলেন, এই কমিটি শুধু সুপারিশ দেবে। সরকার সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে আলোচনা ও ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধনের কাজ এগিয়ে নিতে চায় এবং এ বিষয়ে আলোচনার পথ খোলা থাকবে।