স্টাফ রিপোর্টার
ঝিনাইদহের শৈলকুপায় মিশরের বিপক্ষে আর্জেন্টিনার ফুটবল ম্যাচ জয়ের পর অতিরিক্ত উল্লাস প্রকাশের সময় রসুল উদ্দীন (৪০) নামে এক ভ্যানচালকের আকস্মিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) রাতে শৈলকূপা পৌরসভার বালিয়াডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রসুল ওই এলাকার একজন আর্জেন্টিনা সমর্থক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ম্যাচের একপর্যায়ে মিশর ২-০ গোলে এগিয়ে গেলে রসুল হতাশ হয়ে বাড়ি চলে যান। পরে আর্জেন্টিনা ২-২ গোলে সমতা ফেরালে তিনি পুনরায় খেলা দেখতে আসেন এবং দলের জয়ে উল্লাস প্রকাশ করেন। খেলা শেষে অতিরিক্ত উত্তেজনার মাঝে তিনি জর্দা দিয়ে পরপর তিনটি পান খাওয়ার পরপরই তীব্র অসুস্থতা অনুভব করেন। শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, অতিরিক্ত উত্তেজনা এবং জর্দার তীব্র প্রতিক্রিয়ার কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (হার্ট অ্যাটাক) তার মৃত্যু হয়ে থাকতে পারে। এলাকায় এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।