নিজস্ব প্রতিবেদক। রাঙ্গামাটি
টানা ভারী বর্ষণে রাঙামাটির দিঘীনালা-বাঘাইহাট-মাচালং-সাজেক সড়কের কয়েকটি অংশ পাহাড়ি ঢলে তলিয়ে গেছে। সড়কে প্রবল স্রোত থাকায় যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। এতে সাজেক ভ্যালিতে অবস্থানরত চার শতাধিক পর্যটক আটকা পড়েছেন।
বুধবার (৮ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন সাজেক রিসোর্ট মালিক সমিতির সহসভাপতি মতিজয় ত্রিপুরা।
তিনি জানান, গত দুই দিনে চার শতাধিক পর্যটক সাজেক ভ্রমণে এসেছেন। সড়কে পানি ও স্রোত থাকায় তাদের নিরাপত্তার কথা বিবেচনা করে আপাতত কেউ সাজেক থেকে বের হতে পারছেন না। তবে পর্যটকদের সবাই নিরাপদে রয়েছেন।
মতিজয় ত্রিপুরা বলেন, সড়কের পানি নেমে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকদের সাজেকেই অবস্থান করতে হবে। এ সময় পর্যটকদের সুবিধার কথা বিবেচনা করে রিসোর্টগুলোতে শুধু সার্ভিস চার্জ নিয়ে থাকার ব্যবস্থা করা হয়েছে।
এদিকে ভারী বৃষ্টি ও সম্ভাব্য পাহাড়ধসের আশঙ্কায় সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্রে ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন। মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফীর স্বাক্ষরিত জরুরি গণবিজ্ঞপ্তিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটকদের সাজেকে না যাওয়ার অনুরোধ জানানো হয়।
প্রশাসনের পক্ষ থেকে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের পাহাড়ি সড়কে চলাচলের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।