নিজস্ব প্রতিবেদক গাজীপুর
গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদে গোসল করতে নেমে মর্মান্তিক দুর্ঘটনায় দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরের দিকে টঙ্গী পূর্ব থানার ৪৫ নম্বর ওয়ার্ডের নদীবন্দর রোডে খাজা বাবা জামে মসজিদের পাশের ঘাটে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো শামীম ও আফনান। তারা দুজনই টঙ্গীর বউবাজার এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করত এবং সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। শামীমের গ্রামের বাড়ি জামালপুরের ইসলামপুর উপজেলার বেনওয়ার চর এলাকায়, আর আফনানের বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলার সিরামপাশা গ্রামে।
জানা গেছে, সকালে তিন বন্ধু মাঠে খেলাধুলা শেষে তুরাগ নদে গোসল করতে যায়। একসময় নদীর গভীর অংশে চলে গেলে প্রবল স্রোতে তারা ভেসে যেতে থাকে। তাদের সঙ্গে থাকা শিপন কোনোভাবে সাঁতরে তীরে উঠে এলেও শামীম ও আফনান আর ফিরে আসতে পারেনি।
পরে স্থানীয়দের সহায়তায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হলে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ অনুসন্ধানের পর নদীর নিচ থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
টঙ্গী নৌ-পুলিশের পরিদর্শক ফিরোজ উদ্দিন জানান, আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।