শিক্ষকতা পেশাকে জীবনের অন্যতম শ্রেষ্ঠ ও সম্মানজনক কাজ হিসেবে উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, শিক্ষকরা জ্ঞান ও মূল্যবোধের আলো নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেন, আর সেই প্রজন্মই তা সমাজ ও বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেয়।
শনিবার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের লোগো উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, তাঁর কর্মজীবনের শুরু হয়েছিল শিক্ষকতা দিয়ে। জীবনের সবচেয়ে আনন্দের ও তৃপ্তির সময়গুলোর একটি শিক্ষকতা পেশার সঙ্গে জড়িত থাকার সময় বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কার্যক্রম দ্রুত শেষ করতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে। তবে একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত মান ও সুনাম নির্ভর করবে এর শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক দক্ষতা এবং শিক্ষক নিয়োগের মানের ওপর।
নতুন এই বিশ্ববিদ্যালয় যেন শুধু আরেকটি প্রচলিত শিক্ষাপ্রতিষ্ঠান না হয়, বরং বিশ্বমানের শিক্ষা ও গবেষণার কেন্দ্র হিসেবে গড়ে ওঠে—সে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে পিছিয়ে থাকা এই অঞ্চলকে শিক্ষানগরী হিসেবে পরিচিত করতে মেধাবী ও যোগ্য শিক্ষক নিয়োগে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইস্রাফীল শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. আব্দুস সালাম, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন এবং জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন।
অনুষ্ঠানে ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম বলেন, একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা দীর্ঘমেয়াদি, জটিল ও শ্রমসাধ্য প্রক্রিয়া। তিনি বলেন, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পাশাপাশি চলতি বছরেই ভর্তি কার্যক্রম শুরু করা বড় ধরনের চ্যালেঞ্জ হলেও সংশ্লিষ্ট সবাই এ লক্ষ্য বাস্তবায়নে কাজ করছেন।