স্পোর্টস ডেস্ক:
রাউন্ড অব ৩২-এ জাপানকে ২-১ গোলে নাটকীয়ভাবে হারিয়ে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলো নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তনে জয় তুলে নেওয়ায় এখন সেলেসাও সমর্থকদের একটাই প্রশ্ন—পরের প্রতিপক্ষ কে?
ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ নির্ধারণ হবে নরওয়ে ও আইভরি কোস্টের মধ্যকার রাউন্ড অব ৩২ ম্যাচের ফলের ওপর। ওই ম্যাচে যে দল জিতবে, তার বিপক্ষেই মাঠে নামবে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
নির্ধারিত সূচি অনুযায়ী, ব্রাজিলের শেষ ষোলোর ম্যাচ অনুষ্ঠিত হবে ৫ জুলাই নিউ জার্সিতে। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে ৬ জুলাই রাত ২টায়।
জাপানের বিপক্ষে ম্যাচে শুরুটা ভালো ছিল না ব্রাজিলের। প্রথমার্ধে কাইশু সানোর গোলে এগিয়ে যায় জাপান। বিরতির পর কাসেমিরোর হেডে সমতায় ফেরে ব্রাজিল। এরপর অতিরিক্ত সময়ের অপেক্ষায় থাকা ম্যাচে যোগ করা সময়ে গ্যাব্রিয়েল মার্তিনেল্লি জয়সূচক গোল করে দলকে শেষ ষোলোয় তুলে দেন।
শেষ ষোলো পেরোতে পারলে ব্রাজিলের সামনে অপেক্ষা করতে পারে আরও কঠিন চ্যালেঞ্জ। কোয়ার্টার ফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে রয়েছে মেক্সিকো, ইকুয়েডর, ইংল্যান্ড ও ডিআর কঙ্গো। এর মধ্যে ইংল্যান্ডও নিজেদের পথ অতিক্রম করতে পারলে দুই দলের বহুল প্রতীক্ষিত লড়াই দেখা যেতে পারে।
সেমিফাইনালে উঠতে পারলে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষের তালিকায় রয়েছে আর্জেন্টিনা, কলম্বিয়া, সুইজারল্যান্ড, ঘানা, মিসর, অস্ট্রেলিয়া, আলজেরিয়া ও কেপ ভার্দে। ফলে শিরোপার পথে প্রতিটি ধাপই হতে পারে কঠিন পরীক্ষার।
অন্যদিকে ফাইনালে পৌঁছাতে পারলে ব্র্যাকেটের অপর পাশ থেকে প্রতিপক্ষ আসবে। সেখানে রয়েছে জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, মরক্কো, কানাডাসহ একাধিক শক্তিশালী দল।
ব্রাজিলের সম্ভাব্য সূচি
শেষ ষোলো
তারিখ: ৫ জুলাই
ভেন্যু: নিউ জার্সি
প্রতিপক্ষ: নরওয়ে-আইভরি কোস্ট ম্যাচের বিজয়ী
বাংলাদেশ সময়: ৬ জুলাই রাত ২টা
কোয়ার্টার ফাইনাল
তারিখ: ১১ জুলাই
ভেন্যু: মায়ামি
সম্ভাব্য প্রতিপক্ষ: মেক্সিকো, ইকুয়েডর, ইংল্যান্ড বা ডিআর কঙ্গো
সেমিফাইনাল
তারিখ: ১৫ জুলাই
ভেন্যু: আটলান্টা
সম্ভাব্য প্রতিপক্ষ: আর্জেন্টিনা, কলম্বিয়া, সুইজারল্যান্ড, ঘানা, মিসর, অস্ট্রেলিয়া, আলজেরিয়া বা কেপ ভার্দে
ফাইনাল
তারিখ: ১৯ জুলাই
ভেন্যু: নিউ জার্সি
প্রতিপক্ষ: ব্র্যাকেটের অন্য পাশ থেকে উঠে আসা দল।