শিরোনাম
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

গাজীপুরে কনটেন্ট নির্মাতাদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময়, ইতিবাচক কনটেন্ট তৈরির আহ্বান

রিপোটারের নাম / ২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬

স্টাফ রিপোর্টার | গাজীপুর |

ডিজিটাল মাধ্যমে সচেতনতা বৃদ্ধি, সঠিক তথ্য প্রচার এবং সামাজিক দায়বদ্ধতা নিশ্চিত করতে গাজীপুরের কনটেন্ট নির্মাতাদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করেছে জেলা প্রশাসন। সভায় বিভ্রান্তিকর তথ্য ও ক্লিকবেইট কনটেন্ট পরিহার করে জনস্বার্থে দায়িত্বশীল কনটেন্ট তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।
সোমবার (২৯ জুন) গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এ সভায় জেলার বিভিন্ন তরুণ ও উদীয়মান কনটেন্ট নির্মাতারা অংশ নেন। আলোচনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য প্রকাশের আগে যথাযথ যাচাই-বাছাই, গুজব প্রতিরোধ এবং দুর্যোগকালীন সময়ে দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, “মানুষ তার কর্মের মাধ্যমেই সমাজে পরিচিতি লাভ করে।” তিনি বলেন, কনটেন্ট নির্মাতারা চাইলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এজন্য তথ্যের সত্যতা নিশ্চিত করার পাশাপাশি কনটেন্ট উপস্থাপনার মান উন্নয়নের প্রতিও গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, শুধু বিনোদন নয়, কনটেন্ট নির্মাণকে একটি সম্মানজনক ও সম্ভাবনাময় পেশা হিসেবে গড়ে তোলার সুযোগ রয়েছে। উদাহরণ হিসেবে তিনি বিশ্বখ্যাত কৌতুক অভিনেতা চার্লি চ্যাপলিন এবং দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি–এর নির্মাতা ও উপস্থাপক হানিফ সংকেতের কাজের প্রসঙ্গ তুলে ধরেন। পাশাপাশি কনটেন্ট নির্মাতাদের দক্ষতা বাড়াতে জেলা প্রশাসনের উদ্যোগে একটি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজনের ঘোষণাও দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজির, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম. রকিবুল হাসান, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।
সভায় অংশ নেওয়া কনটেন্ট নির্মাতারা জানান, এ ধরনের উদ্যোগ তাদের আরও দায়িত্বশীল ও মানসম্মত কনটেন্ট তৈরিতে উৎসাহিত করবে। তারা সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে এবং সঠিক তথ্য প্রচারে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ