দেশের কৃতী ক্রীড়াবিদদের আর্থিক সহায়তা আরও সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ক্রীড়া কার্ডের সংখ্যা বর্তমান ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
রোববার (২৮ জুন) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) একাডেমিতে অনুষ্ঠিত ‘বাংলাদেশ আনসার ও ভিডিপির কৃতি খেলোয়াড় সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, দেশের ক্রীড়াঙ্গনে অবদান রাখা আরও ২০০ জন ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ডের আওতায় আনা হবে। এতে মোট সুবিধাভোগীর সংখ্যা বেড়ে দাঁড়াবে ৫০০ জনে।
তিনি জানান, সরকারের লক্ষ্য শুধু আর্থিক সহায়তা বৃদ্ধি নয়, বরং ক্রীড়াবিদদের দীর্ঘমেয়াদি কল্যাণ নিশ্চিত করা। এ উদ্যোগের মাধ্যমে আরও বেশি সংখ্যক সফল ও সম্ভাবনাময় খেলোয়াড়কে প্রণোদনা দেওয়া সম্ভব হবে।
ফুটবলের উন্নয়ন নিয়ে প্রতিমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে গড়ে তোলার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। পরিকল্পনাগুলো ধারাবাহিকভাবে বাস্তবায়িত হলে আগামী ১৫ থেকে ২০ বছরের মধ্যে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবলে আরও প্রতিযোগিতামূলক অবস্থানে পৌঁছাতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্যের স্বীকৃতি হিসেবে ২৩ জন আনসার সদস্যকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। পরে প্রতিমন্ত্রী একই একাডেমির কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত ৯ম জাতীয় পুরুষ বেসবল চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীতে অংশ নেন।