নিজস্ব প্রতিবেদক, কালিয়াকৈর (গাজীপুর):
গাজীপুরের কালিয়াকৈর রেঞ্জের চন্দ্রা বনবিটে সংরক্ষিত বনভূমি থেকে ৩০টি আকাশমনি গাছ কেটে নেওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এই ঘটনায় বনভূমি রক্ষায় দায়িত্বে নিয়োজিত খোদ এক বনকর্মীর বিরুদ্ধেই গাছ কাটায় যোগসাজশের গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনাস্থল থেকে ৭০ খণ্ড কাঠ জব্দ করা হলেও অভিযুক্তদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো আইনি ব্যবস্থা না নেওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর চন্দ্রা বনবিটের আওতাধীন সিনাবহ পশ্চিমপাড়া এলাকার বংশীপাড়া মাঠের দক্ষিণ পাশে সংরক্ষিত বনভূমির উপকারভোগী রূহুলের প্লট থেকে ৩০টি আকাশমনি গাছ কেটে নেওয়া হয়। এ ঘটনায় কাঠ ব্যবসায়ী বাবু মোল্লার নাম উঠে এসেছে। পাশাপাশি আকাশমনি উডলট বাগানের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল মিয়া, সাধারণ সম্পাদক শহিদ এবং চন্দ্রা বনবিটের নৌকা চালক মো: লুৎফর রহমানের বিরুদ্ধে গাছ কাটার ঘটনায় যোগসাজশের জোরালো অভিযোগ রয়েছে।
নৌকা চালক লুৎফরের অনিয়ম ও অনৈতিকতার অভিযোগ:
স্থানীয়দের সূত্রে জানা যায়, ঢাকা বন বিভাগের কালিয়াকৈর রেঞ্জের অধীন চন্দ্রা বিটে নৌকা চালক হিসেবে যোগদানের পর থেকেই মো: লুৎফর রহমান বিভিন্ন অপরাধ ও বিতর্কিত কার্যকলাপে জড়িয়ে পড়েছেন। বিট অফিসের পেছনের প্লান পাড়ায় তার নিয়মিত আড্ডা ও অনৈতিক চলাফেরা নিয়ে জনমনে তীব্র বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রতিবাদ করলে তিনি সাধারণ মানুষকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং মিথ্যা মামলার ভয়ভীতি দেখান। এছাড়া মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়ে সরকারি জমিতে ঘর তৈরি করে দেওয়া এবং বিভিন্ন লোকজনের কাছ থেকে নানা কাজের কথা বলে টাকা লেনদেনের মতো অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
অভিযোগ রয়েছে, কাঠ ব্যবসায়ী বাবু মোলাকে ঘটনাস্থলের কাছাকাছি পাওয়া গেলেও তাকে আটক করা হয়নি এবং জব্দ করা কাঠ বনবিট অফিসেও আনা হয়নি। এ বিষয়ে চন্দ্রা বনবিট কর্মকর্তা ইকবাল হোসেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছিল এবং কাঠগুলো জব্দ করা হয়েছে। তবে গাড়ি না পাওয়ায় তাৎক্ষণিকভাবে সেগুলো অফিসে আনা সম্ভব হয়নি। পরবর্তীতে সন্ধ্যার মধ্যে কাঠগুলো অফিসে নিয়ে আসা এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা তোসিভ জোয়ায়েদ বলেন, বনভূমির জমি থেকে গাছ কেটে নেওয়ার বিষয়টি সংশ্লিষ্ট বিট কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। গাছগুলো দ্রুত জব্দ করাসহ এর সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।