নিজস্ব প্রতিবেদক।
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের রেললাইন ছাপড়া মসজিদ এলাকায় টানা বৃষ্টির কারণে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আজ ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত অবিরাম বৃষ্টিতে এলাকার প্রধান সড়ক, অলিগলি ও বিভিন্ন দোকানপাটের সামনে পানি জমে যায়। এতে কর্মস্থলমুখী গার্মেন্টস শ্রমিক, ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ দেখা দিয়েছে।
সকালের দিকে অনেক মানুষকে হাঁটুসমান পানি মাড়িয়ে কর্মস্থল ও বিভিন্ন গন্তব্যে যেতে দেখা যায়। জলাবদ্ধতার কারণে রিকশা, অটোরিকশা ও অন্যান্য ছোট যানবাহনের চলাচল ব্যাহত হয়। কোথাও কোথাও পানি জমে থাকায় পথচারীদের পা পিছলে দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হয়েছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, দোকানের সামনে পানি জমে থাকায় ক্রেতাদের আসা-যাওয়া কমে গেছে। অনেক দোকানদার সকালে দোকান খুলতে দেরি করেছেন। বৃষ্টির পানি দোকানের ভেতরে ঢুকে পড়ার আশঙ্কায় অনেকে মালামাল উঁচু স্থানে সরিয়ে রাখেন। এতে ব্যবসায়িক কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়েছে।
গার্মেন্টস শ্রমিকদের অভিযোগ, কর্মস্থলে সময়মতো পৌঁছানো নিয়ে তারা উদ্বিগ্ন হয়ে পড়েন। অনেকে ভিজে কাপড়েই কাজে যেতে বাধ্য হন। জলাবদ্ধতার কারণে শিশু, বৃদ্ধ ও নারীদের দুর্ভোগ আরও বেশি হয়েছে বলে জানান এলাকাবাসী।
ভুক্তভোগীদের অভিযোগ, এলাকায় পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকা, নালা-নর্দমা অপরিষ্কার থাকা এবং পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়। বর্ষা মৌসুমে এই সমস্যা দীর্ঘদিনের হলেও স্থায়ী সমাধানে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে দাবি তাদের।
এলাকাবাসী দ্রুত জমে থাকা পানি অপসারণ, ড্রেন ও নালা পরিষ্কার এবং স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা নির্মাণে কালিয়াকৈর পৌরসভাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ কামনা করেছেন।