নিজস্ব প্রতিবেদক |
আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষাকে ঘিরে প্রশ্নপত্র ফাঁসের গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, কেউ সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কিংবা বিভ্রান্তিকর মন্তব্য করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে আয়োজন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় দিনাজপুর শিক্ষা বোর্ড এবং রংপুর বিভাগের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অংশ নেন।
মন্ত্রী বলেন, আগামী ২ জুলাই শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষা নিয়ে অপপ্রচার বা গুজব ছড়ানোর কোনো সুযোগ দেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে পুলিশ দ্রুত আইনগত ব্যবস্থা নেবে। পরীক্ষা সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকারও নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, শিক্ষা ব্যবস্থায় সমতা নিশ্চিত করতে এবার সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। ভবিষ্যতে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আবশ্যিক ও অভিন্ন বিষয়গুলোতেও একই ধরনের প্রশ্নপত্র প্রণয়নের পরিকল্পনা রয়েছে।
মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, পর্যাপ্ত পরিদর্শকের অভাবে অনেক প্রতিষ্ঠান নিয়মিত তদারকির বাইরে থেকে যায়। এ সমস্যা কাটিয়ে উঠতে মাদ্রাসা শিক্ষা বোর্ডকে অন্যান্য শিক্ষা বোর্ডের সঙ্গে সমন্বয় করে পরিদর্শন কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস আহমেদের সভাপতিত্বে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং পরীক্ষা-সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত